চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছরের শিশু ইরাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি বাবু শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শনিবার সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের গহীন জঙ্গল থেকে শিশু ইরাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তার গলায় গভীর ক্ষত ছিল। এরপর থেকে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তবে তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার ভোরে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
তদন্তে পুলিশ এই হত্যাকাণ্ড ও সহিংসতার বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক খুঁজে পেয়েছে। চিকিৎসকদের তথ্যানুযায়ী, শিশুটিকে হত্যার চেষ্টার আগে পাশবিক নির্যাতন করা হয়েছিল। শিশুটির বাড়ি কুমিরা এলাকায়, যা ঘটনাস্থল থেকে প্রায় ৫-৭ কিলোমিটার দূরে। পুলিশ ধারণা করছে, এত ছোট শিশুর পক্ষে একা সেখানে যাওয়া অসম্ভব; তাকে প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল।
শনিবার সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা প্রথম শিশুটিকে পড়ে থাকতে দেখেন। তারা নিজেদের কাপড় দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান।
বাবু শেখকে গ্রেফতারের মাধ্যমে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও ন্যায়বিচার নিশ্চিতের পথ সুগম হয়েছে বলে মনে করছে পুলিশ প্রশাসন। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Leave a Reply