মহড়া ও আলোচনা সভায় ভূরুঙ্গামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস
প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদারের লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবেলার মহড়া অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল— ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাগেশ্বরী স্টেশনের ইনচার্জ শাহাদাত হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী ও রোভার স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ভৌগোলিক অবস্থানের কারণে ঘনঘন নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। এসব দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, প্রশিক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য। বিশেষ করে তরুণ প্রজন্ম ও শিশু-কিশোরদের দুর্যোগ বিষয়ে সচেতন ও দক্ষ করে গড়ে তুলতে তাদের বিভিন্ন প্রশিক্ষণ ও কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং আত্মরক্ষার বিভিন্ন কৌশল নিয়ে বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করেন।
Leave a Reply