শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপান
- আপডেট সময় : ১১:৩৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেতে যাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। এই লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে ১৫ বছর মেয়াদি একটি ইজারা বা কনসেশন চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। গত সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবটি নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। কমিটির সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় এ অনুমোদনের কথা জানায়। অর্থ মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বৈঠকে জানানো হয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩–এর নির্মাণ–পরবর্তী পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানিজ কোম্পানি আগ্রহ ব্যক্ত করে আর্থিক প্রস্তাব দাখিল। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এসডব্লিউজির প্রস্তাব যাচাই–বাছাই করেছে, দর–কষাকষিও শেষ করেছে।
চুক্তির অংশ হিসেবে জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশকে এককালীন ৮১ লাখ ডলার বা প্রায় ১০০ কোটি টাকা অগ্রিম প্রদান করবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, যারা এই টার্মিনাল নির্মাণের সঙ্গে যুক্ত ছিল, তারাই এটি পরিচালনা করবে। এই প্রকল্পের আওতায় আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার সর্বোচ্চ ৫০ শতাংশ বিমান বাংলাদেশ এয়ারলাইনস সরবরাহ করবে। ৩০ নভেম্বরের মধ্যে এই চুক্তি সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।
নতুন এই ব্যবস্থায় যাত্রীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হবে। টার্মিনালটি ব্যবহারের জন্য যাত্রীদের এমবারকেশন ফি বা মাশুল বাবদ ১২ দশমিক ৫০ ডলার দিতে হবে, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ১ হাজার ৫৫৯ টাকা। অথচ বর্তমানে এই মাশুল মাত্র ৫০০ টাকা। এছাড়া রাজস্ব আয়ের ক্ষেত্রে বাংলাদেশ যাত্রীপ্রতি ২ দশমিক ১ ডলার অথবা মোট রাজস্বের ২৭ শতাংশ পাবে। কার্গো পরিবহনের ক্ষেত্রে প্রতি টনে আয়ের ২৭ শতাংশ অথবা ১১ দশমিক ৫ ডলার পাবে বাংলাদেশ সরকার। বিদেশযাত্রার সময় বিমানবন্দর ব্যবহারের জন্য যাত্রীর কাছ থেকে নেওয়া সরকারি মাশুলকে এমবারকেশন ফি বলা হয়। আওয়ামী লীগ সরকারের সময়েই এটি নেওয়া হয় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৬ ডিসেম্বর থেকে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। তবে পুরো টার্মিনালটি পুরোপুরি কার্যকর হতে আরও ১৪ মাস সময় লাগতে পারে। উল্লেখ্য, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা। ২০২৩ সালের ১৯ জানুয়ারি ২১০ কোটি ডলারের এই প্রকল্পটির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল।
২০১৬ সালে অনুমোদিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০১৯ সালে। জাপানের চারটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম—জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিতোমো করপোরেশন, নিপ্পন কোয়েই এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন—এটির নির্মাণকাজে যুক্ত রয়েছে। প্রায় ২২ হাজার ২১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন শেষ হবে।
তৃতীয় টার্মিনালটি ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত, যার ফ্লোর স্পেস ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। এটি চালু হলে বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ২ কোটি ৪০ লাখে উন্নীত হবে। অত্যাধুনিক এই টার্মিনালে ২৬টি বোর্ডিং ব্রিজ, ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৬টি বহির্গমন, ৫৯টি আগমন এবং ৩টি ভিআইপি ইমিগ্রেশন ডেস্কসহ উন্নত সুযোগ-সুবিধা থাকবে। এছাড়া এটি মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত থাকবে। বেবিচকের তথ্যমতে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই বিমানবন্দর দিয়ে ৮৫ লাখ ২০ হাজার যাত্রী যাতায়াত করেছেন, যার মধ্যে আন্তর্জাতিক যাত্রী ৭৩ লাখ ৪০ হাজার এবং অভ্যন্তরীণ যাত্রী ১১ লাখ ৮০ হাজার। এটি মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও হজ ক্যাম্পের সঙ্গে সংযুক্ত এবং ভবিষ্যতে বিমান পরিবহনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।
সূত্র: প্রথম আলো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























