সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের ড্রোন হামলা
- আপডেট সময় : ০৯:০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের হামলার ঘটনা ঘটেছে। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলের মদিনা এলাকায় এই হামলার পর পাইপলাইনে সীমিত পরিসরে আগুনের সূত্রপাত হয়, তবে সৌদি কর্তৃপক্ষ দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং পাইপলাইনের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। তবে কে বা কারা এই হামলার নেপথ্যে রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার বা ৭৪৫ মাইল দীর্ঘ এই পাইপলাইনটি আরব উপদ্বীপের মরুভূমির বুক চিরে বিস্তৃত। হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগরের উপকূলে তেল পরিবহনের জন্য এটি সৌদির অন্যতম প্রধান মাধ্যম। বর্তমানে রিয়াদ প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এই পাইপলাইন দিয়ে ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে, যা বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান। ইরানকে কেন্দ্র করে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত হওয়ায় এই পাইপলাইনের গুরুত্ব কয়েক গুণ বেড়ে গেছে।
এদিকে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা অতীতেও সৌদি আরবের তেল শোধনাগার ও সংরক্ষণাগার লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
বর্তমান যুদ্ধের প্রেক্ষাপটে এ ধরনের অবকাঠামোগুলো বারবার লক্ষ্যবস্তু হচ্ছে। গত সেপ্টেম্বরেও ড্রোন হামলার শিকার হওয়ার পর কয়েক দিনের জন্য পাইপলাইনটি বন্ধ রাখা হয়েছিল। তখন সৌদি আরব দাবি করেছিল যে, ওই ড্রোনগুলো ইরাক থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। বর্তমানে সৌদি আরবের সামরিক জোট ও হুথি বিদ্রোহীদের সংঘাতের মাত্রা বৃদ্ধি পাওয়ায় পুরো অঞ্চলের জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সংকট আরো গভীর হচ্ছে।
সূত্র: দৈনিক আমার দেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























