কাউনিয়ায় ভুট্টার বাম্পার ফলন ও ভাল দাম পাওয়ায় কৃষকেরা খুশি
কাউনিয়া উপজেলায় কৃষকরা ব্যাপক হারে ভুট্টার চাষ করছেন। ভুট্টার বাম্পার ফলন ও ভাল দাম পাওয়ায় কৃষকরা বেশ খুশি। খরচ ও রোগবালাই কম হওয়ায় কৃষকেরা অন্যান্য ফসলের চেয়ে ভুট্টা চাষের দিকে বেশি ঝুঁকে পড়ছেন।
সরেজমিনে তিস্তা নদীর বুকে জেগে ওঠা চরে বিস্তৃর্ণ মাঠ জুড়ে শুধু ভুট্টা খেত। ভুট্টা গাছের কলা গুলো যেন হলুদ চাদরে ঢেকে দিয়েছে গোটা এলাকা।
ভু্ট্টার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০৮৬৮ মেট্রিক টন। গত বছরের তুলনায় প্রায় ১১৬ হেক্টর বেশী জমিতে ভুট্টার চাষ হয়েছে। মানুষের খাদ্যের পাশাপাশি মাছ, হাঁস-মুরগী ও গো-খাদ্য হিসেবে ভুট্টার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় চাহিদাও বেড়েছে অনেক বেশি।
নিজপাড়া গ্রামের কৃষক সিদ্দিক ও প্রহলাদ চন্দ্র জানায় সরকারীভাবে ভুট্টার বাজার দর বেধে দিলে কৃষকরা উপকৃত হবেন। বর্তমান বাজারে শুকনো ভুট্টা প্রতি মন ১০৬০ থেকে ১২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিভিন্ন পাইকার, মজুতদাররা ব্যবসায়ীরা ভুট্টা কিনে মজুদ করছে।
তারা পরে বেশী দামে বিক্রি করবে এমন আশায় । ধান চালের মতো সরকারী খাদ্য গুদামে ভুট্টা সংগ্রহ করলে কৃষক ভাল দাম পাবেন বলে জানিয়েছেন অনেক চাষী। চরাঞ্চলের চাষিরা আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণ, উন্নত মানের বীজ সরবরাহ, সংরক্ষনাগার ও বিপনণ ব্যাবস্থা চালু করার দাবী জানিয়েন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইয়েদুল ইসলাম জানান, ভুট্টা গাছের পাতা সুষম গো-খাদ্য হিসেবে ব্যাপক চাহিদা রয়েছে এবং কান্ড জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, ফলে একদিকে যেমন কৃষক তার গবাদি পশু পালন ও জ্বালানি চাহিদা মেটাতে পারে অপরদিকে বাজারে ভুট্টার ব্যাপক চাহিদা থাকায় এবং ভাল দাম পাওয়ায় কৃষক এ ফসলে আগ্রহী হয়ে উঠছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ শাহানাজ পারভীন জানান, প্রাকৃতিকভাবে দুর্যোগ সহনশীল, অল্প খরচ, রোগবালাই কম এবং অধিক ফলনের কারণে রবি মৌসুমে ভুট্টার চাষ বেশি হয়ে থাকে। নতুন জাত সর্ম্পকে কৃষকদের প্রশিক্ষণ ও প্রদর্শনীর মাধ্যমে আমরা উদ্ধুদ্ধ করে যাচ্ছি। চলতি মৌসুমে কাউনিয়ায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে ও সেই সাথে ভাল দাম পাচ্ছে কৃষকরা।
Leave a Reply