ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে নিখোঁজ জাহাজ
- আপডেট সময় : ১১:৪২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
ইন্দোনেশিয়ার জাভা সাগরে অন্তত ২৪০ জন যাত্রী নিয়ে একটি সামুদ্রিক জাহাজ নিখোঁজ হয়েছে। পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানথানের উদ্দেশে যাত্রা করার পর উত্তাল সমুদ্রের কবলে পড়ে জাহাজটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির উদ্ধারকারী সংস্থা।
দক্ষিণ কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের সার্চ অ্যান্ড রেসকিউ অফিস জানিয়েছে, তারা ‘ভির্গো ট্রান্সপোর্ট-৮’ নামের ওই জাহাজটি নিখোঁজ হওয়ার তথ্য পেয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় জাহাজটি বানজারমাসিন বন্দর থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে অবস্থান করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বানজারমাসিন রেসকিউ এজেন্সির অপারেশনস প্রধান আরিয়ান্তো আরদি জানিয়েছেন, নিখোঁজ জাহাজ ও যাত্রীদের সন্ধানে ইতোমধ্যে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। জাহাজটি সাগরে কোনো দুর্ঘটনায় পড়েছে কি না বা সেটি ডুবে গেছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
যাত্রাপথে বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকায় জাহাজটি বিপদে পড়ে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। জাহাজ কর্তৃপক্ষ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি প্রশাসনকে অবহিত করার পর থেকেই উদ্ধার অভিযান শুরু হয়, যা বর্তমানে চলমান রয়েছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ
























