আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১০ফেব্রুয়ারি মঙ্গলবার মধ্যরাত থেকে সারা দেশে মোটরসাইকেল চলাচলের ওপর ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, এই বিধিনিষেধ ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচনের দিন এবং এর আগের ও পরের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নির্বাচন কমিশনের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, ভোটের দিন ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য ট্যাক্সিক্যাব, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে জরুরি সেবার আওতাভুক্ত যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। নির্বাচন কমিশন ও প্রশাসনের অনুমতি সাপেক্ষে সংবাদকর্মী, নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিলযোগ্য হবে।
এছাড়া বিদেশগামী যাত্রী কিংবা বন্দর থেকে আসা জরুরি মালামাল পরিবহনের ক্ষেত্রে প্রয়োজনীয় ছাড়পত্র প্রদর্শন সাপেক্ষে চলাচলের সুযোগ থাকবে।
নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ইতোমধ্যে বিশেষ তৎপরতা শুরু করেছে। আজ মধ্যরাত থেকে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নির্দেশ অমান্য করে মোটরসাইকেল চালালে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
ভোটারদের সুবিধার্থে সীমিত পরিসরে গণপরিবহন ও রিকশা চলাচলের সুযোগ থাকলেও ইঞ্জিনচালিত দুই চাকার যান (মোটরসাইকেল) সম্পূর্ণ নিষিদ্ধ থাকছে।
এই ৭২ ঘণ্টার বিশেষ কড়াকড়িকে জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা বেষ্টনী জোরদারের অংশ হিসেবেই দেখছে সংশ্লিষ্ট মহল।
Leave a Reply