সুনামগঞ্জ সদর উপজেলায় মাদক, ডাকাতি, ছিনতাই ও অনলাইন ক্যাসিনো জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে গত ৪৮ ঘণ্টায় নারী-পুরুষসহ ১২ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলাকে মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছিনতাই ও অনলাইন জুয়ামুক্ত করতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রতন সেখ পিপিএমের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ধারাবাহিক অভিযান পরিচালনা করছে।
গত ১০ মে রবিবার আব্দুল জহুর সেতুর পাশ এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ডাকাত দলের কথিত সর্দার ও ১৮ মামলার আসামি মোঃ এনামুল হক সাগর ওরফে বাদশা (৩৫), তার সহযোগী শামিনুর ইসলাম শিমুল (২০) এবং নিকতারা বেগম (৩২)। এ অভিযানে ওসি রতন সেখ পিপিএমের নেতৃত্বে এসআই আশরাফ, এসআই জহিরসহ পুলিশের একটি চৌকস টিম অংশ নেয়।
এদিকে ১১ মে সোমবার পৌর শহরের হাছন নগর ময়নার পয়েন্ট ও বিহারী পয়েন্ট এলাকায় ওসি রতন সেখ পিপিএমের নেতৃত্বে এসআই হানিফ, এএসআই জাকারিয়া ও সঙ্গীয় ফোর্স অংশ নেয়। এই মাদকবিরোধী অভিযানে চালিয়ে চার ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযানে
আটককৃতরা হলেন, আশরাফ উল্লাহ (৩৫), জনি মিয়া (৩৮), নুরুজ্জামান খান (৫২) এবং সবুর মিয়া ওরফে সবুজ (৪৬)। পুলিশ জানায়, তাদের কাছ থেকে ইয়াবা ও মাদক সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এছাড়াও প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে আটক করা হয়েছে। তার নাম ছামছিয়া। তিনি সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানীগাঁও গ্রামের বাসিন্দা।
অন্যদিকে মঙ্গলবার (১২ মে) অনলাইন ক্যাসিনো ও জুয়া বন্ধে পৃথক অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ। অভিযানে ওসি রতন সেখ পিপিএমের নেতৃত্বে এসআই জাকারিয়া, এসআই জহির ও এসআই আশরাফসহ পুলিশের একটি দল অংশ নেয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন আপ্তাব নগর এলাকার বাসিন্দা মোস্তাক হোসেন। পুলিশ জানায়, তিনি অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার পাশাপাশি সরকারি ডিপ টিউবওয়েল স্থাপনের নামে ভুয়া কাগজপত্র ও সিল ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করতেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইন জুয়ার বিপুল পরিমাণ লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
এছাড়া অনলাইন ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িত অভিযোগে আরও তিনজনকে আটক করা হয়। তারা হলেন, রাউন ইসলাম বাপ্পা (২৭), তানিম হোসেন (২৮) ও মারুফ আহমেদ (২৯)।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি মোঃ রতন সেখ পিপিএম বলেন, “সুনামগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় সদর উপজেলাকে মাদক, জুয়া, সন্ত্রাস, চুরি ও ছিনতাইমুক্ত করতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন মামলায় ১২ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে রয়েছে।”
Leave a Reply