ভূরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের মেধা বিকাশ, শৃঙ্খলা ও সময়নিষ্ঠ প্রজন্ম গঠনের লক্ষ্যে আয়োজিত “মাকসুদা আজিজ বৃত্তি পরীক্ষা–২০২৫ ” সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি-এর উদ্যোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃত্তি পরীক্ষায় ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন, অধ্যাপক ডা. মো. মেফতাউল ইসলাম মিলন, ডা. মো. আশিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, এস. এম. নাছিমুল হক, প্রধান শিক্ষক, ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, মো. আমজাদ হোসেন, প্রধান শিক্ষক, তিলাই উচ্চ বিদ্যালয় ও সভাপতি, মাধ্যমিক শিক্ষক সমিতি।
পরিদর্শনকালে তারা বৃত্তি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা, প্রশ্নপত্রের মান, সময়ানুবর্তিতা এবং শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধের ভূয়সী প্রশংসা করেন।
তারা বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি নৈতিকতা ও সময়ের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, উত্তরপত্র মূল্যায়ন শেষে শিগগিরই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। উত্তীর্ণ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। আনুপাতিক হারে প্রতি শ্রেণির সেরা শিক্ষার্থীসহ মোট ৫০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে।
শেষে আয়োজকরা পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, পরিদর্শকবৃন্দ এবং সহযোগী সকল সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply