কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা ও দক্ষিণ ধলডাঙ্গাসহ কালজানি নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
শনিবার (৬ জুন) বিকেলে ভারত থেকে নেমে আসা কালজানি নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত উত্তর ধলডাঙ্গা, দক্ষিণ ধলডাঙ্গাসহ বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জাকির হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম বেনজির রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ, সহকারী কমিশনার (ভূমি) আমিনুর রহমান তারেক এবং চর উন্নয়ন কমিটির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
মতবিনিময় সভায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম ইয়াছিন জানান, কালজানি ও দুধকুমার নদীর ভাঙনে শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা, দক্ষিণ ধলডাঙ্গা, তিলাই ইউনিয়নের খোচাবাড়ীর চর, সদর ইউনিয়নের নলের চর এবং বঙ্গসোনাহাট ইউনিয়নের চর বলদিয়া-কালিরহাট এলাকার বিভিন্ন স্থানে মারাত্মক ক্ষয়ক্ষতি হচ্ছে। বর্ষা মৌসুমে ভাঙন আরও ভয়াবহ আকার ধারণের আগেই স্থায়ী প্রতিরোধমূলক কাজ শুরু করার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, নদীভাঙনের কারণে ইতোমধ্যে প্রায় ১৩০ থেকে ১৪০টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, ঘর নির্মাণ ও জীবিকা সহায়তার দাবিও জানান তিনি।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ভাঙনরোধে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত নদীতীরে জিও ব্যাগ ফেলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি নদীভাঙনে বসতভিটা হারানো পরিবারগুলোর জন্য দ্রুত আর্থিক সহায়তা এবং ঘর নির্মাণের লক্ষ্যে ঢেউটিন বিতরণের উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
জানা গেছে, এর আগে নদীভাঙন রোধে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াছিন ও শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন ইউসুফ জেলা প্রশাসকের কাছে জিও ব্যাগের আবেদন করেন। পরে জেলা প্রশাসকের নির্দেশনায় পানি উন্নয়ন বোর্ড ২ হাজার জিও ব্যাগ বরাদ্দ দেয়।
এ সময় শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন ইউসুফ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিপুল সংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের এ মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। স্থানীয়রা আশা করছেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপে নদীভাঙন প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়িত হবে।
ইসযস্ক
Leave a Reply