পরিবার নয়, মানুষের পরিচয় তার চরিত্রে: প্রভা
- আপডেট সময় : ০৫:৩৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
পরিবারের পরিচয় কিংবা বংশমর্যাদার চেয়ে একজন মানুষের ব্যক্তিগত চরিত্রই তার প্রকৃত পরিচয় বহন করে। অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা মনে করেন, একই পরিবারের সদস্য হলেও সবার মানসিকতা, চিন্তাভাবনা বা নৈতিক অবস্থান এক হওয়া জরুরি নয়। সম্প্রতি ফেসবুকের এক পোস্টে তিনি এই দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন।
প্রভার মতে, প্রতিটি পরিবারেই বিভিন্ন স্বভাবের মানুষ থাকতে পারেন। কিছু মানুষ অত্যন্ত শিক্ষিত, মার্জিত এবং দয়ালু হন, যারা কোনো ধরনের অপ্রয়োজনীয় বিতর্কে না জড়িয়ে সৎ জীবনযাপনে অভ্যস্ত। তারা অন্যায়ের প্রতিবাদ করেন এবং কাউকে অন্ধভাবে তোষামোদ করা বা ভুল কাজের পক্ষ নেওয়া থেকে বিরত থাকেন। অথচ একই পরিবারের অন্য সদস্যের চারিত্রিক বৈশিষ্ট্য এর সম্পূর্ণ বিপরীত হতে পারে।
প্রাপ্তবয়স্ক মানুষকে মূল্যায়নের ক্ষেত্রে প্রভা বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তার মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একজনকে তার পারিবারিক পরিচয়ের ভিত্তিতে বিচার করা মোটেও উচিত নয়। বরং তার ব্যক্তিগত কর্মকাণ, আচরণের ধরন এবং নৈতিক মূল্যবোধই হওয়া উচিত বিচারের মূল ভিত্তি। কারণ, একজন মানুষ সমাজ ও রাষ্ট্রে নিজের কাজের মাধ্যমেই নিজের পরিচয় তৈরি করেন, পরিবারের নয়। তাই পারিবারিক প্রেক্ষাপট না টেনে তার নিজস্ব অবস্থানকে মূল্যায়ন করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
অভিনয় ক্যারিয়ারের বিষয়ে এই তারকা জানান, একসময়ের নিয়মিত কাজের ধারা থেকে বেরিয়ে এসে তিনি এখন কিছুটা ভিন্নতা খুঁজছেন। বর্তমান সময়ে গতানুগতিক গল্পের বাইরে নিজের পছন্দসই চিত্রনাট্য এবং চরিত্র পেলে তবেই ছোটপর্দায় কাজ করছেন সাদিয়া জাহান প্রভা।
সূত্র: রাইজিংবিডি

























