ঠাকুরগাঁও-৩ আসনে ৫ বারের এমপিসহ ৮জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে বড় চমক। ৫ বারের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ নির্বাচনী জামানত হারিয়েছেন। নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোটের এক-অষ্টমাংশ (৮ ভাগের ১ ভাগ) ভোট না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়।
এ আসনে মোট ভোটার ছিল ৩,৬৪,১২৯ জন, এর মধ্যে ভোট পড়েছে ২,৬২,৬৬৮টি। জামানত ফেরত পেতে প্রয়োজন ছিল ৩২,৮৩৩ ভোট, কিন্তু হাফিজউদ্দীন আহমেদ পেয়েছেন মাত্র ২৭,১৩৩ ভোট।
হাফিজউদ্দীন আহমেদ এর আগে ১৯৮৮, ২০০১, ২০০৮, ২০২৩ (উপ-নির্বাচন) ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী, সাবেক এমপি জাহিদুর রহমান।
তিনি (পোস্টাল ভোটসহ) পেয়েছেন ১,৩২,৭৯৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মিজানুর রহমান মাস্টার পেয়েছেন ৯১,৯৩৪ ভোট।
হাফিজউদ্দীনের পাশাপাশি আরও ৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন—মামুনুর রশিদ (গণঅধিকার পরিষদ), আল আমিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
আবুল কালাম আজাদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি), প্রভাত সমির শাহাজাহান আলম (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), কমলা কান্ত রায় (বাংলাদেশ মাইনোরিটি পার্টি), এস এম খলিলুর রহমান (বাংলাদেশ মুসলিম লীগ), স্বতন্ত্র প্রার্থী আশা মনি।
Leave a Reply