দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের অগণিত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং নিজের অনুভূতি ব্যক্ত করেন। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।
এর আগে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ সদস্যদের ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। এরপর শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির পরিচালনায় এই শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
Leave a Reply