কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপজেলার বড়ুয়া তবকপুর এলাকায় পরিচালিত অভিযানে মো. আলমগীর হোসেন (২৩) নামে এক যুবককে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। আটককৃত আলমগীর উলিপুর উপজেলার বড়ুয়া তবকপুর গ্রামের বাসিন্দা।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১৬ নম্বর ধারায় তাকে ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উলিপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।
এ সময় উলিপুর থানা পুলিশের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানায়, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে উলিপুর উপজেলায় নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এমন অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়ে বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।
Leave a Reply