আকামার মেয়াদ শেষ হলেও প্রবাসীদের সৌদিতে প্রবেশের সুযোগ: মন্ত্রী
- আপডেট সময় : ০৮:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
আকামার মেয়াদ শেষ হলেও প্রবাসীদের সৌদিতে প্রবেশের সুযোগ: মন্ত্রী
যুদ্ধের কারণে ফ্লাইট সূচির বিপর্যয়ে নির্ধারিত সময়ে পৌঁছাতে না পেরে যেসব বাংলাদেশি কর্মীর আকামার মেয়াদ পার হয়ে গেছে, তারা পুনরায় সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, রিয়াদে পৌঁছানোর পর উক্ত প্রবাসীদের আগমনী প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সম্পন্ন করা হবে।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই তথ্য জানান।
অনুষ্ঠানে রিক্রুটিং এজেন্সিগুলোর উদ্দেশ্যে মন্ত্রী বলেন, অভিবাসন ব্যয় কমাতে সরকারি নীতির সঙ্গে এজেন্সিগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
পড়ুন>>দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ায় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বৈদেশিক কর্মসংস্থানের খরচ সীমিত রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, যেখানে ৩ লাখ টাকায় বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে, সেখানে কোনো কর্মীর কাছ থেকে ৭ থেকে ৮ লাখ টাকা নেওয়া অনুচিত। প্রবাসীদের কষ্টার্জিত আয়ের সিংহভাগ যেন অভিবাসনের দেনা পরিশোধেই শেষ না হয়, সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন।
এছাড়া বিএমইটিতে ভিসার বৈধতা দ্রুত যাচাইকরণ ও প্রক্রিয়া সহজ করতে প্রযুক্তিগত আধুনিকায়ন এবং অভিযোগ নিষ্পত্তিতে উন্মুক্ত ইমেইল সেবা চালুর কথা তুলে ধরেন তিনি। রিক্রুটিং এজেন্সিগুলোর উদ্দেশে মন্ত্রী বলেন, সরকার ও সংশ্লিষ্ট এজেন্সিগুলো সমন্বিতভাবে কাজ করলে জনশক্তি রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।
অভিবাসনের খরচ পরিশোধ করতেই যেন কর্মীদের জীবনের মূল্যবান সময় চলে না যায়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রিক্রুটিং এজেন্সিগুলোকে বৈধ উপায়ে ব্যবসা পরিচালনার পাশাপাশি কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে হবে।
পড়ুন>>পপি সংস্থায় সহকারী পরিচালক পদে নিয়োগ, বেতন ৯৮ হাজার টাকা
মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় গন্তব্য দেশের আইনকানুন মেনে চলার বিষয়ে প্রবাসীদের মধ্যে সচেতনতা বাড়াতে এজেন্সিগুলোকে যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আগামী রমজানে সৌদি আরবে কারাবন্দি বাংলাদেশীদের বিশেষ ক্ষমার আওতায় আনার বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান এবং দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধানের ওপর জোর দেন।
আরও পড়ুন>>ফেসবুক পোস্ট দেওয়া এসিল্যান্ড আরিফুর রহমানকে সরিয়ে নেওয়া হয়েছে
অনুষ্ঠানে সম্মানিত অতিথি বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া বলেন, সৌদি আরবে নিজস্ব নাগরিকদের পরই বাংলাদেশি কর্মীদের অবস্থান সর্বাধিক। তিনি আশা প্রকাশ করেন, এই চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে দুই দেশের শ্রম খাতকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
সভায় বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশ নিয়ে রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা বিএমইটির জনশক্তি সংক্রান্ত জটিলতা নিরসন, তাকামুল পরীক্ষা প্রক্রিয়া সহজীকরণ ও এর ফি কমানোর পাশাপাশি রিক্রুটিং এজেন্সিগুলোর দক্ষতা বাড়ানোর জোর দাবি জানান।
























