
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভা এলাকায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে বাবার মরদেহ বাড়ির আঙিনায় রেখে দাফন বিলম্বিত করার ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের পয়ড়াডাঙ্গা বাজার এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা আজিজার রহমান (৭৫) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইন্তেকাল করেন। পরদিন বুধবার সকাল ১১টায় জানাজা অনুষ্ঠিত হবে- এমন ঘোষণা দিয়ে এলাকায় মাইকিংও করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজিজার রহমানের প্রথম স্ত্রী জয়গুনের ঘরে এক ছেলে মনভোলা ওরফে আব্দুল হাকিম (৫৫) এবং তিন মেয়ে জোসনা, ময়না ও কাছুয়া। প্রায় ৩০ বছর আগে প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি রহিমাকে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর ঘরে এক ছেলে টাইগার (৩৩) ও এক মেয়ে আকলিমা (৩০) জন্মগ্রহণ করেন।
অভিযোগ রয়েছে, জীবদ্দশায় আজিজার রহমান তার স্থাবর-অস্থাবর সম্পত্তি দ্বিতীয় স্ত্রীর সন্তানদের নামে লিখে দেন। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসী জানাজায় অংশ নিতে এলে প্রথম স্ত্রীর সন্তানরা দাফনে আপত্তি জানান। তাদের দাবি- বাবার রেখে যাওয়া সম্পত্তি সমানভাবে বণ্টন ও প্রয়োজনীয় দলিল সম্পন্ন না হলে জানাজা ও দাফন করতে দেওয়া হবে না।
সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্থানীয় মুরুব্বিরা ঘটনাস্থলে উপস্থিত থেকে বিরোধ মীমাংসার চেষ্টা করেন। তবে কোনো সমাধান না হওয়ায় বিকেল পর্যন্ত মরদেহ বাড়ির বাহির আঙিনায় কাফন পরানো অবস্থায় খাটিয়ায় পড়ে থাকে।
প্রতিবেশী আমিনুর রহমান, আব্দুল আলী ও আব্দুল মালেক বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক ঘটনা। পারিবারিক বিষয় থাকলেও মৃত ব্যক্তির সম্মান রক্ষা করা সবার আগে প্রয়োজন।”
পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন,“দাফন সম্পন্ন করার পর আইনি বা সামাজিকভাবে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা উচিত ছিল।”
ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যেন মরদেহের সম্মান রক্ষা ও দাফন কার্যক্রম সম্পন্ন করা যায়।
মন্তব্য করুন