চট্টগ্রামের মিরসরাইয়ে গভীর রাতে দুঃসাহসিক এক লুটপাটের ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের মুখে এক কর্মচারীকে জিম্মি করে আবু হেনা কায়সার নামে এক জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর, নিজামপুর রেলস্টেশন-সংলগ্ন এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
ভুক্তভোগী খামার মালিক আবু হেনা কায়সার মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ইউনিয়ন পর্যায়ের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি জানান,“দুই বছর ধরে পাশের ইউনিয়ন ওয়াহেদপুরে খামারটি পরিচালনা করছি। রাতে কয়েকজন দুর্বৃত্ত গাড়ি নিয়ে এসে ধারালো অস্ত্রের মুখে খামারের কর্মচারীকে জিম্মি করে। এরপর খামারে থাকা ৪০টি ছাগল লুট করে নিয়ে যায়।”
লুট হওয়া ছাগলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা বলে জানান তিনি। বিষয়টি মৌখিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজন হলে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও উল্লেখ করেন।
এ বিষয়ে নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্র-এর পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, “কর্মচারীকে বেঁধে একটি খামার থেকে ছাগল লুটের বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গভীর রাতে পরিকল্পিতভাবে গাড়ি নিয়ে এসে এমন সংঘবদ্ধ লুটপাট স্থানীয় নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
Leave a Reply