কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আসন্ন এইচএসসি পরীক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ী, শ্রমজীবী ও সাধারণ মানুষ সবাই পড়েছেন চরম ভোগান্তিতে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত ১০টা ৩০ মিনিট কিংবা ১১টা পর্যন্ত অনেক এলাকায় বিদ্যুৎ না থাকায় পড়াশোনা ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের। প্রচণ্ড গরমের মধ্যে রাতের পর রাত নির্ঘুম কাটাতে হচ্ছে বাসিন্দাদের।
এমন পরিস্থিতিতে ফেসবুকে ক্ষোভ উগরে দিচ্ছেন ভূরুঙ্গামারীর মানুষ।
বিপ্লব জয়নাল তার ফেসবুক পোস্টে প্রশ্ন তুলে লেখেন, “গ্যাস, বিদ্যুৎ ও তেল সব কিছুর দাম বাড়ানোর পরেও কেন আমরা সার্ভিস পাবো না? এত পরিমাণে বিদ্যুৎ পাই যে মোবাইল ফোনের ব্যাটারি ফুল চার্জ হয় না। ছেলেমেয়েরা পড়াশোনা করবে কখন?”
জান্নাতুল মাওয়া মৌ তার ফেসবুক আইডিতে ব্যঙ্গ করে লেখেন, “ভূরুঙ্গামারীতে কি নতুন কোনো ‘কুত কুত’ বিদ্যুৎ নীতি চালু হয়েছে? দিনে কিছুটা মেনে নেওয়া যায়, কিন্তু রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়াটা সত্যিই খুবই বিরক্তিকর। সারাদিনের ব্যস্ততার পর সবাই রাতে একটু শান্তিতে ঘুমাতে চায়। আশা করি বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
ইমরান হোসেন তার পোস্টে বর্তমান পরিস্থিতিকে “উদ্বেগ, হতাশা ও দুঃখজনক” আখ্যা দিয়ে লেখেন, “শুধু শুধু সরকার মন চাইলে বিদ্যুতের দাম বৃদ্ধি করে এবং অনাকাঙ্ক্ষিত লোডশেডিং দিয়ে জনভোগান্তি সৃষ্টি করে। অতি দ্রুত লোডশেডিং বন্ধ করে জনভোগান্তি লাঘব করার জোর দাবি জানাচ্ছি।”
অন্যদিকে এনামুল হক ব্যঙ্গাত্মক মন্তব্য করে লেখেন, “অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে বিদ্যুৎ। এবার গিনেস বুকে নাম ঘোষণার অপেক্ষা।”
স্থানীয় এইচএসসি পরীক্ষার্থীরা জানান, সন্ধ্যার পর দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় তাদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে পরীক্ষার ফলাফলেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
এদিকে বিদ্যুৎনির্ভর কাজের সঙ্গে জড়িত শ্রমজীবী মানুষের আয়-রোজগারও কমে গেছে। সামান্য বৃষ্টি কিংবা বাতাস হলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তি আরও বাড়ছে।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ ভূরুঙ্গামারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মিজানুর রহমান জানান, উপজেলার বিদ্যুতের চাহিদা ২১ মেগাওয়াট হলেও বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ১০ মেগাওয়াট।
এছাড়া ফিডার স্ক্যাডা ব্যবস্থার কারণে ঢাকা থেকে দিনে ও রাতে কয়েক দফা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। তবে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Leave a Reply