বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিদ্যুৎ বিভাগ তাদের কোম্পানিগুলোর জন্য প্রণীত অভিন্ন চাকরিবিধি বা ‘ইউনিফাইড সার্ভিস গাইডলাইনস, ২০১৬’ সংশোধন ও যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে সম্প্রতি ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের কোম্পানি অ্যাফেয়ার্স-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন)। এছাড়া সদস্য হিসেবে থাকছেন বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স, উন্নয়ন-১, পলিসি রিফর্ম ও সমন্বয় অধিশাখার যুগ্ম সচিব এবং পাওয়ার সেলের মহাপরিচালক। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব।
কমিটিতে বিভিন্ন বিদ্যুৎ কোম্পানির প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) পরিচালক পর্যায়ের একজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। পাশাপাশি পিজিসিবি, ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকো, নওপাজেকো, ইজিসিবি, সিপিজিসিবিএল, বিআরপিএল, এপিসিএল ও আরপিসিএলের নির্বাহী পরিচালক পর্যায়ের একজন করে প্রতিনিধিকেও সদস্য হিসেবে রাখা হয়েছে।
নতুন এই কমিটির মূল দায়িত্ব হলো কোম্পানি আইন-১৯৯৪ ও সংশ্লিষ্ট অন্যান্য বিধিবিধান পর্যালোচনা করা। ২০১৬ সালের গাইডলাইনটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে কতটা কার্যকর, তা যাচাই করে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের সুপারিশ করবে এই কমিটি।
এছাড়া সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ এবং প্রয়োজনে উপযুক্ত বিশেষজ্ঞকে কমিটিতে কো-অপ্ট করার ক্ষমতাও তাদের দেওয়া হয়েছে। বিভিন্ন কোম্পানির চাকরির শর্ত ও প্রশাসনিক ব্যবস্থাপনায় সামঞ্জস্য বজায় রাখতেই মূলত এই সংশোধনী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
Leave a Reply