প্রধানমন্ত্রীর সংলাপে অংশ নিতে সচিবালয়ে পৌঁছাল এনসিপির প্রতিনিধিদল
- আপডেট সময় : ০৩:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের যে উদ্যোগ নিয়েছেন, তারই অংশ হিসেবে প্রথম দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল সচিবালয়ে তাঁর কার্যালয়ে প্রবেশ করেছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, দলটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং আকরাম হোসেন সিএফকে সচিবালয়ে প্রবেশ করতে দেখা যায়। কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা ও নাশকতার পটভূমিতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।
এর আগে রবিবার এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার জানান, সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে ২৩ নভেম্বর তাঁদের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে। তিনি উল্লেখ করেন, এনসিপি এই আমন্ত্রণকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তবে দলটির অবস্থান হলো—জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা, সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নই হতে হবে জাতীয় ঐক্যের মূল ভিত্তি।
রাজনীতিতে এই ঐক্যের সুর শুরু হয় মূলত গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া এক বক্তব্যের পর। সেখানে তিনি আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানান। একই দিনে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ঐক্যবদ্ধ অবস্থানের গুরুত্ব তুলে ধরেন। পরবর্তীতে এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে আলোচনা করেন, যা আজকের সংলাপের পথ তৈরি করে। পর্যায়ক্রমে জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে।
যুক্তরাজ্য সফর শেষে রবিবার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে নাহিদ ইসলাম আজকের বৈঠকের লক্ষ্য নিয়ে কথা বলেন। তিনি জানান, সংলাপে এনসিপি জানতে চাইবে—পরিস্থিতি মোকাবিলা ও দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট পরিকল্পনা কী। একই সঙ্গে তাঁরা কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব দেবেন।
নাহিদ ইসলাম স্পষ্ট করেন, জাতীয় ঐক্যের জন্য সুস্পষ্ট অঙ্গীকার থাকতে হবে এবং অতীতে যেসব প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে। তিনি উল্লেখ করেন, জাতীয় ঐকমত্যের প্রাথমিক ভিত্তি হিসেবে সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংশোধন পরিষদের শপথ গ্রহণের পদক্ষেপ নিতে হবে, যা নতুন রাজনৈতিক প্রক্রিয়ায় আস্থা তৈরি করবে।
সূত্র: দৈনিক এদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























