দেশে হাম ও উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা ৮০০ ছাড়াল
- আপডেট সময় : ০৫:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
সারা দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৭ শিশু।
প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু হামে আক্রান্ত হয়ে ৯৫টি শিশু এবং হামের উপসর্গ নিয়ে ৭০৮টি শিশু প্রাণ হারিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৩ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯০৪। একই সময়ে ৮৩৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, আর ৮৮৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৩৫২ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৮৪১। এই সময়ের মধ্যে মোট ১ লাখ ৩ হাজার ৭৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ৯৯ হাজার ২৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।


























