মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত অমল বিশ্বাসের ছেলে। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা রমেশ বিশ্বাস জানান, ভোর ৫টার দিকে অপূর্বর স্ত্রী দিপা বিশ্বাস তার দেড় বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে বাড়ির ছাদে থাকা জিআই তারে কাপড় শুকাতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। স্ত্রীর চিৎকার শুনে অপূর্ব দ্রুত ঘুম থেকে উঠে ছুটে আসেন। নিজের স্ত্রী ও সন্তানকে বাঁচাতে গিয়ে তিনিও বৈদ্যুতিক তারের সংস্পর্শে জড়িয়ে পড়েন।
পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় অপূর্বকে উদ্ধার করে দ্রুত শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অপূর্বর অকাল মৃত্যুতে তার স্ত্রী ও মা সহ পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
Leave a Reply