‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানকে সামনে রেখে এ বছরও আয়োজন করা হচ্ছে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৬’। শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানের ভেন্যু সহযোগী হিসেবে যুক্ত হয়েছে কনকর্ড গ্রুপ।
এই আয়োজনের অংশ হিসেবে সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক এবং কনকর্ড গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা অনুপ কুমার সরকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কনকর্ড গ্রুপের বিপণন বিভাগের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক উজ্জল কুমার বসাক, প্রথম আলোর মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান এবং ইভেন্টস বিভাগের সহকারী ব্যবস্থাপক আল মামুন উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানিয়েছেন, ২০২৬ সালে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় সংবর্ধনা দেওয়ার কার্যক্রম দ্রুত শুরু হবে। এছাড়া সফলতার সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীরা নিবন্ধনের মাধ্যমে উপহার পাওয়ার সুযোগ পাবেন। নিবন্ধনের জন্য শিক্ষার্থীদের প্রথম আলোর নির্ধারিত ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।
Leave a Reply