মালয়েশিয়ার কুয়ালালামপুরে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামের এক বাংলাদেশি প্রবাসী নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে কুয়ালালামপুরে কাজ করার সময় ১০ তলা ভবনের ওপর থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মিল্লাত হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই মো. শরীফ হোসেন। তিনি জানান, কাজেরত অবস্থায় ১০ তলার ওপর থেকে নিচে পড়ে তার ভাইয়ের মৃত্যু হয়।
মিল্লাত হোসেনের অকাল মৃত্যুতে তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার পরিবার এখন প্রবাসী শ্রমিকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের কার্যকর ও দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।
Leave a Reply