যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের
- আপডেট সময় : ০৩:২১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলারে পৌঁছেছে, যার সরাসরি প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে। দেশটিতে ডিজেলের গড় দাম প্রতি গ্যালন ৫.৮৭ ডলারে দাঁড়িয়েছে, যা ২০২২ সালের জুনের ৫.৮১ ডলারের আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে দেশটিতে ডিজেলের দাম ৩.৭ সেন্ট বেড়েছে এবং গত বছরের তুলনায় এই বৃদ্ধির হার ১.৯৭ ডলার।
পরিস্থিতি সবচেয়ে নাজুক ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। জ্বালানি মূল্য পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ‘গ্যাসবাডি’-এর পেট্রোলিয়াম বিশ্লেষণ বিভাগের প্রধান প্যাট্রিক ডি হান জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার অন্তত পাঁচটি স্টেশনে ডিজেলের দাম প্রতি গ্যালন ৯.৯৯৯ ডলারে উঠেছে। অনেক জ্বালানি স্টেশনের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে সর্বোচ্চ চারটি সংখ্যা দেখানোর সক্ষমতা থাকায়, এই উচ্চমূল্য সেখানে সঠিকভাবে প্রদর্শন করা সম্ভব হচ্ছে না।
পড়ুন>>ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ
ইআইএর ৯ সেপ্টেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ায় ডিজেলের গড় দাম ছিল প্রতি গ্যালন ৭.৭৬ ডলার, যা আগের সপ্তাহের চেয়ে ৫৫ সেন্ট এবং গত বছরের একই সময়ের চেয়ে ২.৮১ ডলার বেশি।
এছাড়া সিবিএস ১২ নিউজের তথ্যমতে, ক্যালিফোর্নিয়ার ফেনারে একটি স্টেশনে সাধারণ পেট্রলের দাম ৯.৬৯ ডলার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এর আগে মে মাসে লস অ্যাঞ্জেলেসের একটি শেভরন স্টেশনে ডিজেল ৮.৮৯ ডলার এবং পেট্রল ৮.২৯ ডলারে বিক্রি হওয়ার খবর পাওয়া গিয়েছিল। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির ঘটনায় সান বার্নার্ডিনো ও লস অ্যাঞ্জেলেসের কয়েকটি স্টেশনে তদন্ত শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থাগুলো।
জ্বালানি তেলের এই ঊর্ধ্বগতির পেছনে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার আগে তেলের দাম কমার তেমন কোনো সম্ভাবনা নেই। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, নির্বাচনের পরপরই পেট্রলের দাম কমতে শুরু করবে এবং তা প্রতি গ্যালন ২ ডলারের নিচে নামিয়ে আনা সম্ভব হবে।
পড়ূন>>ময়মনসিংহে মাদকের বিরুদ্ধে প্রতিবাদকারী যুবকের ওপর হামলা ও মৃত্যু
নির্বাচনের আগে জ্বালানি সংকট মোকাবিলায় ট্রাম্প প্রশাসন মরিয়া হয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করছে। এর অংশ হিসেবে চলতি বছরের শুরুতে কৌশলগত পেট্রোলিয়াম মজুত থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বাজারে ছাড়ার অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে এই মজুত থেকে আরও প্রায় ১২ লাখ ব্যারেল তেল কমেছে, যার ফলে বর্তমানে মজুতের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ কোটি ৫৪ লাখ ব্যারেলে।


























