টাঙ্গাইলের কালিহাতীতে লাকড়ি বোঝাই একটি ঠেলাগাড়ি উল্টে আলমাস আলী (৫০) নামের এক চালক প্রাণ হারিয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ বাজার ব্রিজে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আলমাস আলী সখীপুর উপজেলার আমতৈল গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয়দের ভাষ্যমতে, জমি অধিগ্রহণ সংক্রান্ত আইনি জটিলতার কারণে রতনগঞ্জ বাজারের নতুন ব্রিজের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে বর্তমানে পাশের পুরোনো ব্রিজের আংশিক ঢালু অংশ দিয়েই যানবাহন চলাচল করছে। শনিবার সকালে লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাজারে যাওয়ার সময় ব্রিজ থেকে নামার মুহূর্তে সেটি উল্টে যায়। এতে আলমাস আলী ঠেলাগাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: রাইজিংবিডি
Leave a Reply