জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল। চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ দুই দফায় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত চীনের কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছে। গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী রোববার মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আক্রমণাত্মক খেলার চেষ্টা করে। ১২ মিনিটে শিমুল ইসলামের ফিল্ড গোল থেকে বাংলাদেশ প্রথম লিড পায়। তবে সেই ব্যবধান বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে চীনকে সমতায় ফেরান ওয়াং ইউবো। এরপর দ্বিতীয় কোয়ার্টারে ২৬ মিনিটে মেহেদী হাসানের ফিল্ড গোলে বাংলাদেশ আবারও ২-১ ব্যবধানে এগিয়ে যায়।
ম্যাচের তৃতীয় কোয়ার্টারে রক্ষণভাগের ভুলে বাংলাদেশ তাদের লিড ধরে রাখতে ব্যর্থ হয়। ৪২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে চীনকে ২-২ সমতায় ফেরান ছিউ ওয়েনশুয়ান। শেষ কোয়ার্টারে বাংলাদেশ জয়ের জন্য মরিয়া হয়ে উঠলেও গোল করতে ব্যর্থ হয়। উল্টো ৫৩ মিনিটে সুন জিংরানের ফিল্ড গোলে চীন প্রথমবারের মতো ম্যাচে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত সেই গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
উল্লেখ্য, বাংলাদেশ এ নিয়ে নবমবারের মতো জুনিয়র এশিয়া কাপে অংশগ্রহণ করছে। এই টুর্নামেন্টে যুবাদের এখন পর্যন্ত সেরা সাফল্য ১৯৯৬ সালে সেমিফাইনালে খেলা। এবারের আসরে দশটি দল অংশ নিচ্ছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে পাকিস্তান, চীন, মালয়েশিয়া ও কাজাখস্তান। বর্তমান চ্যাম্পিয়ন ভারত খেলছে ‘এ’ গ্রুপে। আমিরুল ইসলামের নেতৃত্বাধীন এই দলের ওপর হকিতে নতুন পরিবর্তনের প্রত্যাশা রয়েছে।
Leave a Reply