চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নিজের মাকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের খলিল মেম্বারের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর রেহেনা বেগম তার দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করছেন। পরিবারের বড় ছেলে সংসারের দায়িত্ব পালন করলেও ছোট ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে তার মায়ের ভরণ-পোষণের দায়িত্ব এড়িয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ ও সমঝোতার চেষ্টা করা হলেও কোনো সমাধান পাওয়া যায়নি।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, গত ১৫ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে রেহেনা বেগম তার ছেলে সাইফুল ইসলামের কাছে টাকা চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে মাকে মারধর করে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন। পরিবারের সদস্যরা আহত রেহেনা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করেন।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মামলার অভিযোগের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) শমসেদ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply