দিল্লিতে আটক রাহুল ও প্রিয়াঙ্কা: কোথায় নেওয়া হলো তাদের?
- আপডেট সময় : ১১:৪১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে
নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গ’র কাছে কংগ্রেসের একটি অবস্থান কর্মসূচি থেকে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। বিক্ষোভ চলাকালীন পুলিশ রাহুল গান্ধীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
মঙ্গলবার (২১ জুলাই) ককরোচ জনতা পার্টির (সিজেপি) মিছিলে পুলিশের কঠোর অভিযানের প্রতিবাদে এই অবস্থান কর্মসূচি পালিত হচ্ছিল। এ সময় রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর পাশাপাশি বিরোধী দলীয় অনেক সংসদ সদস্যও উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজাজী মার্গ থেকে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগিয়ে যাওয়া মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ কঠোর অবস্থান নেয়। এ সময় রাহুল গান্ধীকে বলপ্রয়োগ করে পুলিশের বাসে তোলা হয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, প্রবীণ নেতা রণদীপ সিং সুরজেওয়ালা ও কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারসহ অনেক নেতাকর্মীকেও পুলিশ আটক করেছে।
আটকের পর প্রিয়াঙ্কা গান্ধীকে মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে, যেখানে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী দেখা করতে পৌঁছেছেন। অন্যদিকে, রাহুল গান্ধীকে মডেল টাউনের ছত্রসাল স্টেডিয়ামে নেওয়া হয়েছে। অন্যান্য আটক সংসদ সদস্যদের কিংসওয়ে ক্যাম্প এলাকায় রাখা হয়েছে বলে জানা গেছে।
ছত্রসাল স্টেডিয়ামের ভেতর থেকে কংগ্রেস সংসদ সদস্য হিবি ইডেন পুলিশের এই পদক্ষেপকে ‘নির্মম ও উসকানিমূলক’ বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে এবং নারী সংসদ সদস্যরাও আহত হয়েছেন। এর আগে গ্রেপ্তারের আগে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে সরকার ইচ্ছাকৃতভাবে সংসদে বিষয়গুলো নিয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছে। তিনি পুলিশি অভিযানে আহতদের দেখতে রাম মনোহর লোহিয়া হাসপাতালেও গিয়েছিলেন।
আটক হওয়ার সময় প্রিয়াঙ্কা গান্ধী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘তারা কাপুরুষ ও ভীতু। আমরা তাদের ভয় পাই না, তারাই আমাদের ভয় পায়।’’ রণদীপ সিং সুরজেওয়ালা এটিকে রাহুল গান্ধীর নেতৃত্বে এক নতুন বিপ্লবের সূচনা বলে মন্তব্য করেন। এদিকে, প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেছেন, রাহুল গান্ধী আগে আলোচনার প্রতিশ্রুতি দিলেও পরে নতুন শর্ত জুড়ে দিয়ে আইন অমান্য করেছেন।


























