চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের শ্রীকোল গ্রামের ৭বছরের শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বলাৎকারের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত হাসেম আলী (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে শিশুটি তার বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশী মৃত বারেক মণ্ডলের ছেলে হাসেম আলী শিশুটিকে প্রলোভন দেখিয়ে কাছে ডাকেন। শিশুটি কাছে গেলে অভিযুক্ত তাকে একটি ধারালো ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়। পরে জোরপূর্বক শিশুটিকে নিজের ঘরে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়।
নির্যাতনের সময় শিশুটির চিৎকার শুনে পাশের বাড়ির এক নারী ঘটনাস্থলে এগিয়ে আসেন। তিনি জানালার ফাঁক দিয়ে ভেতরের দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন।
তার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত হাসেম আলীকে ঘরের ভেতর থেকে হাতেনাতে আটক করে। এ সময় উত্তেজিত জনতা ৯৯৯ এ কল করেন।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পর্যায়ের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। ভুক্তভোগী শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
এ ঘটনার পর শ্রীকোল গ্রামসহ গোটা মাখালডাঙ্গা ইউনিয়নে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
নির্যাতিত শিশুটির পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে দ্রুত ও কঠোর বিচার দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হবে।
Leave a Reply