গণভোটের রায় কার্যকরের দাবিতে শনিবার ১১ দলের সমাবেশ
- আপডেট সময় : ০৮:০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ১৬৯৬৮ বার পড়া হয়েছে
গণভোটের রায় কার্যকরের দাবিতে শনিবার ১১ দলের সমাবেশ
গণভোটের রায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী শনিবার (৪ এপ্রিল) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।
তিনি অভিযোগ করেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমান সরকারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী পথে হাঁটছে বলে মন্তব্য করেন তিনি। জনস্বার্থ রক্ষায় রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের সামনে আর কোনো বিকল্প নেই বলেও দাবি করেন তিনি।
পড়ুন>> ২৪ ঘন্টায় হামে মৃত্যু ৪জন নতুন আক্রান্ত ২৬
হামিদুর রহমান আজাদ বলেন, “সংবিধান সংশোধন নয়, সংস্কারই করতে হবে। সংবিধান সংশোধনের মধ্য দিয়ে সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে। জনগণের রায় মূল্যায়ন না করলে রাজপথের আন্দোলনের বিকল্প নেই।”
তিনি আরও জানান, ১১ দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে—আগামী শনিবার বিকেলে বাইতুল মোকারম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে সেখান থেকে একটি মিছিল বের করা হবে।
এ সময় সংসদে সরকারি দলের মুলতবি প্রস্তাব উত্থাপন এবং জ্বালানি সংকট সমাধানে সরকারের ব্যর্থতারও সমালোচনা করেন তিনি।
হামিদুর রহমান আজাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী ৭ এপ্রিল পুনরায় বৈঠক করে দীর্ঘমেয়াদি আন্দোলনের রূপরেখা ঘোষণা করবে ১১ দলীয় ঐক্য।




















