ভূরুঙ্গামারীতে ট্রাক চাপায় নিভে গেলো কিশোর আশিকের প্রাণ।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আশিক (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যার ভূরুঙ্গামারী-সোনাহাট সড়কের পাইকেরছড়ার গছিডাঙ্গার ফেডারেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক গছিডাঙ্গা গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে এবং পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
নিহতের সহপাঠী জানায়, আশিক পাটেশ্বরী বাজার থেকে বাজার করে সাইকেল যোগে বাড়ি ফিরছিল। তারা দু’জন একসঙ্গে আগে পিছে করে যাচ্ছিল। পাইকেরছড়া ফেডারেশন এলাকায় পৌঁছালে ভূরুঙ্গামারীগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই আরেকটি ট্রাকের ক্রসিংয়ের সময় পাথরবোঝাই ট্রাকটি আশিকের ওপর উঠে যায়। এতে তার কলিজা ফুসফুস বের হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বন্ধুটি জানায়, “আমি তার ঠিক পেছনেই ছিলাম। চোখের সামনে বন্ধুকে হারাতে হলো, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না।”
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে খোঁজ করলেও ট্রাকটি পাওয়া যায়নি। তাদের অভিযোগ, সম্প্রতি এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অনেক সময় ড্রাইভার পাশে বসে হেলপার দিয়ে ট্রাক চালানো হয়, যা এসব দুর্ঘটনার অন্যতম কারণ।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক ট্রাকটির সনাক্ত করার চেষ্টা চলছে বিস্তারিত যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা দ্রুত ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার ও সড়কে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
Leave a Reply