জাতীয় সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্যের পদ শূন্য হওয়ার বিধানসংবলিত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল স্থগিতের আবেদনটিও আদালত নাকচ করে দিয়েছেন। মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।
গত ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিটটি দায়ের করেছিলেন। রিটের পক্ষে তিনি নিজেই আদালতে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
উল্লেখ্য, নির্বাচন কমিশন গত ৬ আগস্ট দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রিট আবেদনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় এবং ৬ আগস্টের নির্বাচন তফসিল কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছিল।
সূত্র: মানবজমিন
Leave a Reply