নেতানিয়াহুর ব্যর্থতার তদন্ত চেয়ে উত্তাল তেল আবিব
- আপডেট সময় : ১০:৪৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
ইসরাইলে আসন্ন সাধারণ নির্বাচনের মাত্র তিন দিন আগে তেল আবিবে সরকারবিরোধী এক বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭শে অক্টোবর দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২৩ সালের ৭ই অক্টোবরের হামলায় সরকারের নজিরবিহীন ব্যর্থতা তদন্তের উদ্দেশ্যে একটি স্বাধীন রাষ্ট্রীয় কমিশন গঠনের দাবিতে শনিবার রাতে রাস্তায় নেমে আসেন লাখো মানুষ। ‘অক্টোবর কাউন্সিল’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন হামলায় বেঁচে যাওয়া ভুক্তভোগী, জিম্মি থেকে মুক্তি পাওয়া ব্যক্তি এবং স্বজন হারানো পরিবারের সদস্যরা। আয়োজকদের তথ্য অনুযায়ী, তেল আবিবের ‘হোস্টেজ স্কয়ারে’ আয়োজিত এই বিক্ষোভে এক লাখেরও বেশি মানুষ অংশ নেন এবং তাদের অনেকের হাতেই ‘আমাদের দেশে আমরা মুক্ত’ লেখা পতাকা দেখা গেছে।
সমাবেশে নিহত জিম্মি ওরি দানিনোর বাবা এলহানান দানিনো ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার সম্ভবত কিছু লুকাতে চাইছে, যে কারণে তিন বছরেও কোনো তদন্ত কমিশন গঠন করা হয়নি। হামাসের হাতে বন্দি থেকে মুক্তি পাওয়া নিমরোদের মা ভিকি কোহেন রাজনৈতিক নেতাদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ৭ই অক্টোবরের সত্যকে গাজার অন্ধকার সুড়ঙ্গের মতো কবর দেওয়া যাবে না। এ ছাড়া নোভা উৎসবে নিহত নোয়া জেন্ডারের মা মালি জেন্ডার এই ঘটনাকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বিপর্যয় উল্লেখ করে শিশুদের ভবিষ্যতের স্বার্থে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিক্ষোভে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইসেনকট উপস্থিত হলে জনতা তাকে ‘আগামী প্রধানমন্ত্রী’ বলে স্লোগান দেয়। সমাবেশে বিরোধীদলীয় নেতা ইয়াইর গোলান, আভিগডোর লিবারম্যান, নাফতালি বেনেট এবং ইয়াইর ল্যাপিডও উপস্থিত ছিলেন। গোলান নির্বাচনের পর একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের অঙ্গীকার করেন। উল্লেখ্য, এই সমাবেশের সম্প্রচার বন্ধে লিকুদ পার্টির করা আবেদন নির্বাচন কমিটি খারিজ করে দেয়। হামলায় নিহত এক সেনাসদস্যের বাবা ইয়াল এশেল আক্ষেপ করে বলেন, ইতিহাসের এই ভয়াবহ বিপর্যয়ের দায় আজও কেউ গ্রহণ করেনি। এ ছাড়া মুক্তি পাওয়া জিম্মি ড্যানিয়েল অ্যালোনি ভোটারদের নতুন এক গল্প লেখার আহ্বান জানান। নিহতদের পরিবারগুলো নির্বাচনের দিন ভোটকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে ভোটারদের জবাবদিহির কথা স্মরণ করিয়ে দেওয়ার পরিকল্পনা করছে।
সূত্র: মানবজমিন

























