প্রান্তিকদের জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের
- আপডেট সময় : ১০:৩৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ডিজিটাল মাধ্যমে ঋণ বিতরণের লক্ষ্যে ১০০ কোটি টাকার একটি পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই কর্মসূচির আওতায় ব্যাংকগুলো একজন গ্রাহককে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ দেওয়ার সুযোগ পাবে। নতুন এই উদ্যোগটি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে, যার মাধ্যমে আগের ‘ই-ঋণ’ কর্মসূচিকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে।
এই বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃ অর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবে। তবে গ্রাহক পর্যায়ে এই ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করে দেওয়া হয়েছে। তহবিলের অর্থ আবর্তনশীল পদ্ধতিতে পরিচালিত হবে, অর্থাৎ একবার ঋণ আদায় হওয়ার পর সেই অর্থ আবার নতুন করে বিতরণের সুযোগ থাকবে। বর্তমান এই প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
কারা এই ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, সে বিষয়েও স্পষ্ট নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রান্তিক জনগোষ্ঠীর পাশাপাশি দুর্গম এলাকার বাসিন্দা, ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষ, প্রান্তিক নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের মানুষেরা এই ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ঋণ বিতরণ ও পরিশোধের পুরো প্রক্রিয়াটি ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, এমএফএস ও ই-ওয়ালেটের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে।
ঋণের মেয়াদ সর্বোচ্চ ১২ মাস নির্ধারণ করা হয়েছে। ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার আগে অবশ্যই গ্রাহকের যোগ্যতা যাচাই করতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তথ্য পর্যালোচনা করতে হবে। এ ছাড়া গ্রাহককে ঋণের বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডিজিটাল সম্মতি নেওয়ার আগে ব্যাংকগুলোকে ঋণের পরিমাণ, সুদ বা মুনাফার হার, মোট পরিশোধযোগ্য অর্থ, কিস্তির সময়সূচি এবং ঋণ পরিশোধে ব্যর্থতার সম্ভাব্য পরিণতির বিষয়ে সহজবোধ্য তথ্য প্রদান করতে হবে।
তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক নিয়মিত তদারকি করবে। কেন্দ্রীয় ব্যাংক যেকোনো সময় দৈবচয়নের ভিত্তিতে ব্যাংকগুলোর কাছে প্রয়োজনীয় দলিল তলব করতে পারবে এবং সরাসরি সরেজমিনে পরিদর্শন কার্যক্রম চালাবে। কোনো ব্যাংক যদি ভুল বা মিথ্যা তথ্য দিয়ে অর্থায়ন সুবিধা গ্রহণ করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে যদি কিস্তি আদায়ের সময় সংশ্লিষ্ট ব্যাংকের চলতি হিসাবে পর্যাপ্ত টাকা না থাকে। এ ক্ষেত্রে পুনঃ অর্থায়নের নির্ধারিত সুদের চেয়ে অতিরিক্ত ২ শতাংশ হারসহ বকেয়া অর্থ এককালীন আদায় করা হবে।
সূত্র: প্রথম আলো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























