কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নে মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে রক্ষার দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে তিলাই ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে তিলাই উচ্চ বিদ্যালয় মোড়ে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন, তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, সাবেক চেয়ারম্যান ফরিদুল হক শাহিন শিকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম ইয়াছিন, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজার রহমান কিরন, তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, তিলাই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওসমান গনি, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর তিলাই ইউপি শাখার সভাপতি আলমগীর হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে তিলাই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, যুবক সমাজ, শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এ সময় অংশগ্রহণকারীদের হাতে মাদকবিরোধী বিভিন্ন সচেতনমূলক স্লোগান লেখা যুক্ত প্লেকার্ড ও ব্যানার দেখা যায়।
সমাবেশে বক্তারা বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। তিলাই ইউনিয়নকে মাদক মুক্ত করতে পুলিশ প্রশাসনকে জিরো টলারেন্স নীতিতে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, পাশেই ভারতীয় সীমান্ত থাকায় এই ইউনিয়নে মাদকের সরবরাহ আশঙ্কাজনকভাবে বেড়েছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এখনই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তারা মাদক সিন্ডিকেটের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
Leave a Reply