গভীর রাতে নেত্রকোনার পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব শিক্ষা প্রতিষ্ঠানের চারটি ভোটকেন্দ্র লক্ষ্য করে পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্কে এলাকাবাসী।
নেত্রকোনা সদর উপজেলায় গভীর রাতে একযোগে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে চারটি প্রতিষ্ঠানই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত ছিল। সোমবার (দিনগত রাত) আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে দুর্বৃত্তরা এসব প্রতিষ্ঠানে আগুন দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা জেলার পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম জানান, পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে, সেগুলো হলো, পার্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ বিষউড়া উচ্চ বিদ্যালয়। এর মধ্যে পার্লা, নুরপুর শ্রীধরপুর, বামনমোহা ও নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হিসেব নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি বুথে আগুন দেওয়ার ঘটনায় দুটি বেঞ্চ, একটি ফ্যান ও একটি বৈদ্যুতিক লাইট পুড়ে গেছে।
পুলিশ জানায়, বিদ্যালয়টিতে মোট সাতটি বুথ রয়েছে। এর মধ্যে পুরোনো ভবনে চারটি বুথ ছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একটি বুথের পেছনের জানালা দিয়ে দুর্বৃত্তরা আগুন দেয়।
স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। মঙ্গলবার সকালে পুলিশ, ডিবি (গোয়েন্দা পুলিশ) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে চারটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।
পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম আরও বলেন, “নির্বাচন সামনে রেখে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”
Leave a Reply