ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নীলফামারীতে বিশেষ যৌথ মহড়া পরিচালনা করেছে র্যাব, সেনাবাহিনী ও আনসারসহ বিভিন্ন বাহিনী।
মঙ্গলবার সদর উপজেলায় অনুষ্ঠিত এই মহড়ায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা ও প্রস্তুতির বাস্তব চিত্র তুলে ধরা হয়।
মহড়ার একপর্যায়ে একটি দুষ্কৃতকারী চক্রের নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করার দৃশ্য প্রদর্শন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং কয়েকজনকে আটক করেন। র্যাবের নেতৃত্বে এই অভিযানে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা ফুটে ওঠে।
যৌথ মহড়াটি পরিদর্শন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, সেনাবাহিনীর ৭ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত এবং র্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার মেজর ইশতিয়াক আমিন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানান, একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে নজরদারি বাড়াতে সিসিটিভির পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্বরত সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে।
র্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার মেজর ইশতিয়াক আমিন বলেন, নীলফামারীর সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে যৌথ বাহিনীর টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং ভোটারদের নিরাপত্তা দিতে র্যাব ও অন্যান্য বাহিনী সর্বদা সজাগ রয়েছে।
নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই টহল কার্যক্রম ভোটের দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Leave a Reply