ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশের ভবিষ্যৎ নির্ধারণী গণভোট উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই সারাদেশে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, বুধবার সন্ধ্যার মধ্যে ঢাকা ও বড় শহরগুলোর কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে যাবে এবং রাতের মধ্যে সারাদেশের সব ভোটকেন্দ্রে সরঞ্জাম পৌঁছানো সম্পন্ন হবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন এ কমিশন (ইসি) সূত্রে সব তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। একটি সাদা ব্যালট, এটি হবে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট। আর গোলাপি ব্যালট হবে গণভোটের। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এরমধ্যে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা রয়েছেন। এছাড়া বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করছেন।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, স্বচ্ছতা নিশ্চিত করতে দেশের ২৯৯টি সংসদীয় আসনের ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ক্যামেরাগুলো সরাসরি পর্যবেক্ষণ করা হবে।
ইসি সূত্রে জানা গেছে, সারাদেশের ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ৮ হাজার ৭৭০টি কেন্দ্রকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ১৬ হাজার কেন্দ্রকে মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে, ফলে ২৯৯টি আসনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply