ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সরকারি নজরুল একাডেমির মাঠে বন্ধু দ্বারা বন্ধুকে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে মুনতাসীর ফাহিম নামে এক যুবককে কুপিয়ে হত্যার পর রক্তমাখা কুড়াল নিয়ে থানায় আত্মসমর্পণ করেন তার বন্ধু অনিক মন্ডল। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
নিহত মুনতাসীর ফাহিম ত্রিশাল পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের রেজাউল ইসলাম বাদলের ছেলে। তিনি মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় চার মাস ধরে দেশে অবস্থান করছিলেন। আগামী ২৫ ডিসেম্বর ক্লাস শুরু হওয়ার কথা থাকায় এর আগেই মালয়েশিয়ায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
অভিযুক্ত অনিক মন্ডল একই এলাকার জহিরুল মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিম ও অনিক দীর্ঘদিনের বন্ধু ছিলেন। তবে হঠাৎ কী কারণে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
পুলিশ জানায়, হত্যার পর অনিক নিজেই রক্তমাখা কুড়াল নিয়ে থানায় উপস্থিত হয়ে হত্যার দায় স্বীকার করেন। ঘটনास्थল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান।
Leave a Reply