ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে শেষ মুহূর্তে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চারজন প্রার্থী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেওয়া হয়। সমর্থন জানানো চার প্রার্থীর মধ্যে তিনজন স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন— ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক, আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।
এ ছাড়া ‘নিবন্ধিত’ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)-এর সভাপতি ও সাবেক সংসদ সদস্য, টেলিভিশন প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদও বিএনপির চেয়ারম্যানকে সমর্থন জানান।
ব্রিফিংয়ে জানানো হয়, ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতি সমর্থন এবং বৃহত্তর রাজনৈতিক সমীকরণ বিবেচনায় নিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, “চারজন প্রার্থীর মধ্যে দু’জন সশরীরে দেখা করতে এসেছেন। অন্য দু’জন ঢাকায় না থাকায় টেলিফোনে কথা বলেছেন। সবাই তারেক রহমানকে সমর্থনের কথা জানিয়েছেন।”
বিএনএফ সভাপতি আবুল কালাম আজাদ বলেন,
“দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে এই মুহূর্তে নির্বাচনে জয়ী করতেই হবে—এই রাজনৈতিক বিবেচনা থেকেই আমি তারেক রহমানকে সমর্থন করেছি। সাম্প্রদায়িক শক্তি ও ’৭১-এর বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, তারা দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চায়।”
ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ বলেন,“আমি আজ একটি স্লোগানকে সমর্থন করতে এসেছি—‘সবার আগে বাংলাদেশ’। যারা আমাকে সমর্থন করেছিলেন, তাদের প্রতি আহ্বান—ধানের শীষে ভোট দিলে সেটিই আমাকে ভোট দেওয়া হবে।”
এই ঘোষণার মাধ্যমে ঢাকা-১৭ আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Leave a Reply