চৌহালীর চরাঞ্চলে নারীদের পাশে সরকার: ভিডব্লিউবি’র চাল সহায়তা বিতরণ।
দারিদ্র্য, প্রাকৃতিক দুর্যোগ ও জীবিকার সংকটে বিপর্যস্ত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলের মানুষ। এই দুর্দশার ভেতরেও সবচেয়ে বেশি অসহায় অবস্থায় দিন কাটে নারীপ্রধান পরিবারগুলোর। স্বামী হারানো, একলা বা কর্মহীন নারীদের জন্য সংসার চালানো যেন প্রতিদিন এক নতুন যুদ্ধ। এমন প্রেক্ষাপটে সরকারের “ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)” কর্মসূচি যেন একফালি আশার আলো হয়ে হাজির হয়েছে এসব নারীর জীবনে।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় চৌহালী উপজেলার ৩ নম্বর ঘোড়জান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় অসহায় নারীপ্রধান পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোড়জান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রমজান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গিয়াস উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শামীম জাহিদ তালুকদার, ইউপি সচিব মো. শাহাদাত হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাল বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা বলেন, “ভিডব্লিউবি কেবল চাল বিতরণ কর্মসূচি নয়, বরং এটি হলো রাষ্ট্রের দায়িত্ববোধের প্রতিফলন। বিশেষত নারীরা যখন পরিবারে অধিক ঝুঁকির মধ্যে থাকেন, তখন এমন সহায়তা ন্যূনতম মানবিক নিরাপত্তা নিশ্চিত করে।” চৌহালীর বড় একটি অংশই চরাঞ্চল—যেখানে নদীভাঙন, কর্মসংস্থানের অভাব এবং শিক্ষা-স্বাস্থ্যসেবার ঘাটতি দীর্ঘদিনের সমস্যা। নারীপ্রধান পরিবারগুলো এসব সমস্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।
এ কারণে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা মনে করেন, ভিডব্লিউবি’র মতো কর্মসূচি আরও বিস্তৃত করা প্রয়োজন।
ইউপি চেয়ারম্যান মো. রমজান আলী বলেন, “আমরা চেষ্টা করছি সরকারের দেওয়া প্রতিটি সুযোগ সঠিকভাবে বন্টন করতে। প্রকৃত উপকারভোগীদের যাচাই-বাছাই করে তালিকা হালনাগাদ করে চাল দিচ্ছি।” উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, “নারীদের স্বাবলম্বী করতে হলে শুধুমাত্র খাদ্য সহায়তা নয়, প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ ও আত্মনির্ভরশীলতার পথকেও একইসাথে নীতিগতভাবে গুরুত্ব দিতে হবে।”
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভিডব্লিউবি, যা দেশের দারিদ্র্যপীড়িত ও ঝুঁকিপূর্ণ এলাকায় প্রতিবছর বাস্তবায়িত হয়।
তবে চরাঞ্চলের মতো প্রান্তিক এলাকায় এই কর্মসূচিকে যেন কেবল অস্থায়ী সহায়তা নয়, বরং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের অংশ হিসেবে প্রতিষ্ঠা করা যায় এই প্রত্যাশাই এখন এখানকার মানুষের।
Leave a Reply