আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১ জুন) সকালে খাষকাউলিয়া ইউনিয়নের অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
চাল বিতরণের উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হেকমত আলী, খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু, খাষপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু, ইউপি সচিব হাফিজুর রহমান এবং ইউপি সদস্য সেলিম রেজা, আবদুল আলীম, রবিউল ইসলাম ও আবু সাইদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদকে কেন্দ্র করে দরিদ্র জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে সরকারের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা গেছে। প্রতিটি ভিজিএফ কার্ডধারী ব্যক্তিকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
চাল বিতরণের সময় স্বচ্ছতা নিশ্চিতে প্রশাসনের কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে। কার্যক্রম চলাকালে এক নারী উপকারভোগীর কাছে একাধিক ভিজিএফ কার্ড পাওয়া গেলে ইউএনও তাৎক্ষণিকভাবে কার্ডগুলো জব্দ করেন এবং নির্দেশনা দেন সেগুলো সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রকৃত দরিদ্রদের মধ্যে বিতরণের।
এ বিষয়ে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, “ভিজিএফ কার্ড ও চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। আমরা চাই প্রকৃত উপকারভোগীরাই যেন এই সহায়তা পান। এজন্য মাঠপর্যায়ে নিবিড় মনিটরিং চালানো হচ্ছে।”
উপজেলা প্রশাসনের এই কঠোর তদারকিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, সরকারি সহায়তা যদি যথাযথভাবে সঠিক মানুষের হাতে পৌঁছে, তবে ঈদের আনন্দ আরও পরিপূর্ণ হবে।
ঈদুল আযহাকে সামনে রেখে চৌহালীর বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে এ ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে, উপজেলা প্রশাসন।
Leave a Reply