দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ট্রাকের আঘাতে আহত দুই।
কুষ্টিয়ার দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক বসতঘরে আঘাত হানার ঘটনায় বাড়িটির দুই নারী সদস্য আহত হয়েছেন। ১ জুন রোববার ভোরে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের তারাগুনিয়া সর্দার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বাড়ির মালিক পঁচা শেখের স্ত্রী রুবি আক্তার (৪৬) ও পুত্রবধূ নিশি খাতুন (২০)।
স্থানীয় বাসিন্দা সাইদুল জানান, ভোররাতে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। দ্রুত বাইরে বেরিয়ে এসে দেখতে পাই একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পঁচা শেখের ইটের বাড়ির দেয়াল ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়েছে। এতে ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ইটের আঘাতে আহত হন পঁচা শেখের স্ত্রী ও তার ছেলের বউ ।
আহতদের প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, এ ঘটনায় দুইজন আহত হয়েছে। অভিযোগে প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply