কুড়িগ্রামের অর্থনৈতিক অঞ্চলে জমি পেয়ে কৃতজ্ঞতা ভুটানের প্রধানমন্ত্রীর।
বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে কুড়িগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভুটানকে জমি বরাদ্দ দেওয়ায় বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাতে বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে দুই পক্ষ আলোচনা করেন। ভুটানের প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের সঙ্গে ভুটানের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। বাণিজ্য সম্প্রসারণ এ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।”
ভুটানের সঙ্গে একমাত্র অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (PTA) রয়েছে উল্লেখ করে তিনি জানান, দুই দেশের বাণিজ্য বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) করতে ভুটান আগ্রহী। আসন্ন সচিব পর্যায়ের বৈঠকে বিষয়টি গুরুত্বসহকারে আলোচনার কথা নিশ্চিত করেন বাণিজ্য উপদেষ্টা।
প্রধানমন্ত্রী শেরিং তোবগে জানান, ভুটান সরকার ‘গেলেফু’ নামে একটি বায়োডাইভারসিটি নগর গড়ে তুলছে। এই টেকসই শহর নির্মাণে বিপুল নির্মাণ উপকরণ প্রয়োজন হবে, যা বাংলাদেশ থেকে নিতে আগ্রহী তারা।
এ ছাড়া ওষুধ, সিরামিক পণ্য, তৈরি পোশাক ও ইলেকট্রনিক্স খাতেও বাংলাদেশের পণ্যের প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেন তিনি।
ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে বাংলাদেশি পর্যটকদের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বের পর্যটকদের জন্য যেখানে প্রতিরাত ১০০ ডলার SDF নির্ধারণ করা হয়েছে, সেখানে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পর্যটকদের জন্য সেটি মাত্র ১৫ ডলার।”
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, স্বাধীনতার পর প্রথম স্বীকৃতি দেয় ভুটান, এ ঐতিহাসিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে বাণিজ্য বাড়ানোর বিকল্প নেই।
তিনি জানান, বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বমানের ওষুধ, সিরামিক, তৈরি পোশাক ও নির্মাণ উপকরণ উৎপাদন করছে, যা ভুটান আমদানি করলে উভয় দেশের বাণিজ্য আকার বাড়বে।
বৈঠকে ভুটানের ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড এক্সটার্নাল ট্রেড মিনিস্টার ডি এন ধুনগায়েল ইন্ডাস্ট্রি, কমার্স অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্টার লায়েন পো নামগায়েল দর্জি, এবং বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
Leave a Reply