কিলিং মিশনে পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান
- আপডেট সময় : ০৫:২৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন, বিভিন্ন সময়ে চালানো অভিযানের নামে ‘কিলিং মিশনে’ যাওয়ার সময় সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসান নিজের পছন্দের কিছু সাংবাদিককে সঙ্গে নিয়ে যেতেন। এমনকি তাদের সরাসরি ঘটনাস্থলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেন র্যাবের তৎকালীন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মোহাম্মদ সোহায়েল।
ট্রাইব্যুনালে উপস্থাপিত সাক্ষীদের জবানবন্দিতে জিয়াউল আহসানের সঙ্গে কমান্ডার সোহায়েলের গভীর সংশ্লিষ্টতা এবং গণমাধ্যমকর্মীদের ব্যবহার করার এই বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। মঙ্গলবার এই মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর বলেন, জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, মেজর সাব্বির, মেজর দেলোয়ার ও মনিরুল হকের দেওয়া জবানবন্দি থেকে এসব তথ্য পাওয়া গেছে। এসব বক্তব্যে অভিযানে জিয়াউল আহসানের সহযোগী হিসেবে কমান্ডার সোহায়েলের সরাসরি ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে।
সাবেক র্যাব কর্মকর্তা মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী তার জবানবন্দিতে জানান, বরিশাল অঞ্চলে পরিচালিত র্যাব-৮-এর বিভিন্ন অভিযানে জিয়াউল আহসানের নেতৃত্ব ছিল। সেখানে র্যাব সদর দপ্তরের তৎকালীন এডিজি (অপারেশনস) কর্নেল মুজিব এবং গণমাধ্যম শাখার পরিচালক মোহাম্মদ সোহায়েল প্রায়ই উপস্থিত থাকতেন। সোহায়েলের আমন্ত্রণে নির্দিষ্ট কিছু সাংবাদিক বরিশাল গিয়ে অভিযানে অংশ নিতেন। তাদের নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে পৃথক ট্রলারে করে মূল আভিযানিক দলের পেছনে রাখা হতো। গুলিবর্ষণ ও তল্লাশি অভিযান শেষে জিয়াউল আহসান ও সোহায়েল ওই সাংবাদিকদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করতেন। সাক্ষীর ভাষ্য অনুযায়ী, সোহায়েলের আমন্ত্রণে নির্দিষ্ট কয়েকজন সাংবাদিক বরিশালে র্যাব-৮-এর অভিযানে অংশ নিতে আসতেন।
চিফ প্রসিকিউটর জানান, জিয়াউল আহসানের সঙ্গে তার পছন্দের এই সাংবাদিকরা বোটে করে চরদোয়ানি কিংবা বিভিন্ন অভিযানে যেতেন। সাক্ষীদের ভাষ্যমতে, অভিযানের পর সাংবাদিকদের যেভাবে ঘটনাটি উপস্থাপন করা হতো, সংবাদমাধ্যমেও ঠিক সেভাবেই তার বিবরণ প্রচারিত হতো। এর মাধ্যমে কথিত বন্দুকযুদ্ধ বা এনকাউন্টারের একটি নির্দিষ্ট বয়ান জনসমক্ষে প্রচার করা হতো, যাতে প্রকৃত ঘটনা আড়াল করা সম্ভব হয়।
সাব্বির রহমান ওসমানী সুন্দরবনকেন্দ্রিক কয়েকটি অভিযানের বর্ণনা দিয়ে দাবি করেন, আগে থেকেই আটক ব্যক্তিদের হত্যা করে পরে তাদের কথিত বন্দুকযুদ্ধে নিহত হিসেবে প্রচার করা হতো। অভিযানের আগেই র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিতেন। ২০১১ সালের নভেম্বর মাসে নিশানখালীতে পরিচালিত একটি অভিযানের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে গুলিবর্ষণের পর মৃতদেহ উদ্ধারের সময় যে দৃশ্য দেখানো হয়েছিল, তা ছিল অসংগতিপূর্ণ; মূলত আগে থেকেই কয়েকটি মরদেহ সেখানে নিয়ে রাখা হয়েছিল।
সূত্র: দৈনিক আমাদের সময়
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























