কাউনিয়া উপজেলা পরিষদ ক্যাম্পাসের ভেতরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও আইসিটি ভবনে যাওয়ার জনগুরুত্বপূর্ণ সড়কে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। টানা কয়েকদিনের বৃষ্টিতে পাশের পুকুরের পানি বৃদ্ধি পাওয়ায় সড়কের অন্তত দুটি স্থানে মাটি ধসে বড় ধরনের ভাঙনের সৃষ্টি হয়েছে।
এতে প্রতিদিন শিক্ষা অফিসে আসা কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী ও সাধারণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে দীর্ঘদিন ধরে ভাঙন দেখা দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, উপজেলা ক্যাম্পাসের সাবেক সিও অফিস সংলগ্ন দীঘির পাড় ঘেঁষে নির্মিত সড়কটির দুটি অংশে মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভাঙনের কারণে রাস্তার একাংশ ঝুলন্ত অবস্থায় রয়েছে। যে কোনো সময় আরও বড় অংশ ধসে পড়ে সড়কটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
জানা গেছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যাওয়ার এ কাঁচা সড়কটি সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকের দায়িত্বকালীন সময়ে শিক্ষকদের দাবির মুখে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের মাধ্যমে ইট বিছিয়ে চলাচলের উপযোগী করা হয়েছিল। দীর্ঘদিন ভালো অবস্থায় থাকলেও বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে সড়কটি আবারও বেহাল হয়ে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, উপজেলা ক্যাম্পাসের ভেতরের গুরুত্বপূর্ণ সড়কের যদি এমন অবস্থা হয়, তাহলে উপজেলার অন্যান্য গ্রামীণ সড়কের অবস্থা সহজেই অনুমান করা যায়। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাহের আলী বলেন, সড়ক ভাঙনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply