সিলেট-৩ আসনের বালাগঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্রে জালভোট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও ১১-দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা প্রশাসন কেন্দ্রটির প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মৈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে পূর্ব গৌরীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর তারিকুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে কেন্দ্রের বাইরে অবস্থানরত বিএনপির নেতা-কর্মীরা তাদের ঘেরাও করে।
এ সময় প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে কেন্দ্র এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মালিক গণমাধ্যমকে বলেন, “প্রিসাইডিং কর্মকর্তার উপস্থিতিতেই রাতে ব্যালটে সিল মারা শুরু হয়েছিল। এটি একটি ব্ল্যাক ডে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি এখন কেন্দ্রের দিকে যাচ্ছি।”
Leave a Reply