শাহরাস্তিতে চার বছরের শিশুকে তুলে নিয়ে চার শিশু মিলে ধর্ষণ।
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিন শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তাদের গ্রেপ্তার করে কিশোর আদালতে সোপর্দ করা হলে আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর গ্রামের একটি খেলার মাঠসংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী শিশুটিকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে চারজন মিলে ধর্ষণ করে।
ঘটনার পর শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১০ বছর বয়সী দুইজন ও ১২ বছর বয়সী দুইজনসহ মোট চার শিশুকে আসামি করা হয়।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মামলার প্রেক্ষিতে তিন শিশুকে গ্রেপ্তার করে দুপুরে কিশোর আদালতে পাঠানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃত তিন শিশুকে সোমবার দুপুরে কিশোর আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। মামলার অপর এক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি মামলার পরবর্তী আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply