রাজারহাটে মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে মেঘলা রানী (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত নাখেন্দা বকসীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মেঘলা রানী ওই গ্রামের মন্টু রায়ের মেয়ে এবং সিঙ্গেরডাবরীহাট স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা বাইরে থাকাকালীন বাড়িতে একা ছিলেন মেঘলা। এক পর্যায়ে তিনি শয়নকক্ষের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
কিছুক্ষণ পর পরিবারের লোকজন বাড়ি ফিরে ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে ঘরের ভিতরে খুঁজতে গিয়ে মেঘলার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন।
খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের সঙ্গে অভিমান করেই মেঘলা আত্মহত্যা করেছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, “মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।”
Leave a Reply